বাগডোগরা জংলি বাবার মন্দিরে আজও বছরের প্রথম দিনে সিদ্ধিদাতার পুজো করেন ব্যবসায়ীরা
বেস্ট কলকাতা নিউজ : বছরের প্রথম দিন বাগডোগরা জংলি বাবার মন্দিরে পুজো দিয়ে সিদ্ধিদাতার পুজো করেন কয়েকশ ব্যবসায়ী। বাগডোগরা বনাঞ্চলের ভিতরে অবস্থিত এই শিবমন্দিরে সারা বছরই ভক্তদের ভিড় থাকে। বিশেষ বিশেষ তিথিতে ভক্তদের ঢল নামে। তবে প্রতি বছর পয়লা বৈশাখের দিন সকাল থেকেই বাগডোগরা, নকশালবাড়ি ও মাটিগাড়া সহ বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা জংলি বাবার মন্দিরে পুজো দিতে আসেন। সেখানেই সকাল সকাল হালখাতা নিয়ে মহাদেব ও সিদ্ধিদাতা গণেশকে পুজো দিয়ে নিজেদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে পুজো ও হালখাতা শুরু করেন। এছাড়াও বছরের প্রথম দিনে মন্দিরে পুজো দিয়ে বাগডোগরা টিপুখোলা ইকো ট্যুরিজম স্পটে সপরিবারে অনেকে ঘুরতে যান।

বাগডোগরার এক ব্যবসায়ী অমল সরকার বলেন, দুপুরে দোকানে পুজো শেষ করে হালখাতা শুরু করি। তার আগে সকালে প্রত্যেক বছর বাগডোগরা জংলি বাবা মন্দিরে সপরিবারে গিয়ে পুজো দিয়ে আসি। বাবার মাথায় জল ঢেলে সিদ্ধিদাতার পুজো করি সকলে মিলে। এছাড়াও সুকান্ত শীল নামের আরেক ব্যবসায়ী জানিয়েছেন, আমাদের আবেগ জড়িয়ে রয়েছে এই জংলি বাবা মন্দিরের সঙ্গে। তাই বছরের প্রথম দিনে মন্দিরে পুজো করেই দিনের শুরু করে আসছি গত কয়েক বছর ধরে।

