আর . জি . কর আন্দোলনে যুক্ত আরও ২ ডাক্তারের বদলির নির্দেশ খারিজ হল কলকাতা হাইকোর্টে
বেস্ট কলকাতা নিউজ : অনিকেত মাহাতর পর এবার আর জি কর আন্দোলনের সঙ্গে যুক্ত চিকিৎসক দেবাশিস হালদার ও আসফাকুল্লা নাইয়ার বদলির নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য স্বাস্থ্যদপ্তর এই দু’জনকে অন্য হাসপাতালে বদলি করেছিল। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দেবাশিস ও আসফাকুল্লা।এদিকে তাঁদের বদলির ওই নির্দেশ বাতিল করে দিয়েছেন বিচারপতি ঋতব্রতকুমার মিত্র। তিনি জানিয়েছেন, রাজ্য স্বাস্থ্যদপ্তরের ওই নির্দেশ ত্রুটিযুক্ত। এই পোস্টিংয়ের সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য (শিক্ষা) দপ্তরের এসওপি বিরোধী। সেজন্যই ওই নির্দেশ বাতিল করা হল। প্রসঙ্গত, এর আগে চিকিৎসক অনিকেত মাহাতর বদলির নির্দেশও খারিজ করে দিয়েছিল হাইকোর্ট।

কলকাতার আর জি কর হাসপাতালে চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও খুন করা হয়েছিল। ওই ঘটনায় আন্দোলনে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকদের একটা অংশ। ওই আন্দোলনে অন্যতম মুখ ছিলেন দেবাশিস হালদার, আসফাকুল্লা নাইয়া, অনিকেত মাহাতোরা। পরে আর জি করের ঘটনায় সঞ্জয় গ্রেপ্তার হয়। আদালতের নির্দেশে সঞ্জয় এখন জেলবন্দি। পরে স্বাভাবিক ছন্দে ফিরে আসে আর জি কর। কাজে যুক্ত হয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। সেই আবহে গত বছর জুন মাসে অনিকেত, দেবাশিস, আসফাকুল্লার অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয়। জেলার হাসপাতালে তাঁদের বদলি করা হয়।

