অ্যাপ ক্যাবের পিছনে গাড়ির সজোরে ধাক্কা, সল্টলেকে গুরুতর আহত হল ২জন
বেস্ট কলকাতা নিউজ : ফের দুর্ঘটনা সল্টলেকে। গতকাল বৃহস্পতিবার সকালে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক অ্যাপ ক্যাবের পিছনে ধাক্কা দেয়। গতি বেশি থাকায় ক্যাবটিকে ধাক্কা দিয়ে গাড়িটি ডিভাইডারে উঠে যায়। ওই ঘটনায় দুই গাড়ির চালকই জখম হয়েছেন। এদিন সকাল ৫টা নাগাদ,দুর্ঘটনাটি ঘটেছে সল্টলেক থেকে নিউটাউন যাওয়ার পথে উইপ্রো মোড়ের কাছে। জানা গেছে অ্যাপ ক্যাবের সামনে একটি বাইক ছিল। বাইকটির গতি আচমকা কমে যাওয়ায় চালকও আচমকা ক্যাবটিকে থামাতে যান। সেটির পিছনে দ্রুতগতিতে আসছিল একটি চারচাকার গাড়ি। সেই গাড়িটি ক্যাবে ধাক্কা দিয়ে ডিভাইডারে উঠে যায়। লাইট পোস্টে এবং গাছেও ধাক্কা দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। আহতদের এদিন হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দু’টি অবশেষে সরিয়ে নিয়ে যাওয়া হয়।


