কোনো রকম লাইসেন্স নেই সোনা পাপ্পুর বাড়ি থেকে বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্রের , জমা পড়লো গড়িয়াহাট থানায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : তল্লাশি চলাকালীন সোনা পাপ্পুর বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ ইডি সূত্রে খবর, ওই আগ্নেয়াস্ত্রর কোনও বৈধ লাইসেন্স নেই বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে । উদ্ধার হওয়া ওই আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য গড়িয়াহাট থানায় জমা দেওয়া হয়েছে । ইতিমধ্যেই এই ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজু হতে পারে বলে মনে করা হচ্ছে ।বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শহর কলকাতায় জোরদার তৎপরতা শুরু করেছে ইডি । গতকাল বুধবার সকাল থেকেই শহরের একাধিক জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালায় এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । সেই তালিকায় অন্যতম ছিল দক্ষিণ কলকাতার কসবা এলাকার ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু-র বাসভবন।

এদিকে এদিন সোনা পাপ্পুর বাড়ি থেকে শুধু আগ্নেয়াস্ত্রই নয়, তল্লাশিতে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে । এর মধ্যে রয়েছে একটি অত্যাধুনিক বিলাসবহুল গাড়ি, যার মালিকানা ও ক্রয়ের উৎস খতিয়ে দেখছেন তদন্তকারীরা । ইডি ওই গাড়িটিকেও বাজেয়াপ্ত করেছে । তদন্তকারী আধিকারিকদের অনুমান, এই সম্পত্তিগুলির সঙ্গে আর্থিক অনিয়ম বা অর্থপাচারের যোগ থাকতে পারে । পাশাপাশি একাধিক পাতার সম্পত্তির দলিল বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা । প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে কালো টাকা ও বেআইনি আর্থিক লেনদেন রুখতে সক্রিয় হয়েছে ইডি । বিভিন্ন ব্যবসায়ী, প্রভাবশালী ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে আসা অভিযোগের ভিত্তিতেই এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে সূত্রের খবর । কসবার এই অভিযানের পাশাপাশি বেহালা ও শহরের আরও কয়েকটি জায়গাতেও তল্লাশি চালানো হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *