গান্ধির বদলে ‘জিরামজি’ ! ১০০ দিনের কাজের নতুন নামের সমালোচনায় সরব হল প্রিয়াঙ্কা গান্ধী -সহ বিরোধীরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মহাত্মা গান্ধি ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম বাতিল করে গ্রামীণ কর্মসংস্থানের জন্য একটি নতুন আইন— বিকশিত ভারত-রোজগার এবং আজীবিকা মিশন (গ্রামীণ) বিল ২০২৫ লোকসভায় পেশ করতে চলেছে কেন্দ্র সরকার। এদিকে বিলটির একটি অনুলিপি অনুযায়ী কেন্দ্র সরকার সংসদে ভিবি-জিরামজি বিল, ২০২৫ পেশ করে ২০২৫ সালের মহাত্মা গান্ধি ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম বাতিল করতে চায়। এই নাম বদল প্রসঙ্গে এদিন সংসদে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি মহাত্মা গান্ধি ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম-এর নাম পরিবর্তনের কেন্দ্রের পদক্ষেপের তীব্র সমালোচনা করেন৷ প্রিয়াঙ্কা গান্ধি আরও প্রশ্ন তুলেছেন, ভারত তো বটেই, সারা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নেতা মহাত্মা গান্ধির নাম বাদ দেওয়ার পেছনে সরকারের কী উদ্দেশ্য রয়েছে?

এই প্রসঙ্গে প্রিয়াঙ্কা গান্ধি বলেন, “যখনই কোনও প্রকল্পের নাম পরিবর্তন করা হয়, তখন অফিস, স্টেশনারি ইত্যাদিতে অনেক পরিবর্তন আনতে হয়… যার জন্য টাকা খরচ হয়। তাহলে এর (MGNREGA-র নাম পরিবর্তনের) কী সুবিধা? কেন এটা করা হচ্ছে? মহাত্মা গান্ধির নাম কেন মুছে ফেলা হচ্ছে? মহাত্মা গান্ধিকে শুধু দেশেই নয়, সারা বিশ্বেই একজন শ্রেষ্ঠ নেতা হিসেবে গণ্য করা হয়৷ তাই তাঁর নাম মুছে ফেলার উদ্দেশ্যটা আমি সত্যিই বুঝতে পারছি না। ওদের উদ্দেশ্যটা কী?” প্রিয়াঙ্কা গান্ধি আরও বলেন, “আমরা যখন আলোচনা করি, তখনও তা জনগণের আসল সমস্যা নিয়ে নয়, বরং অন্য বিষয় নিয়ে। সময় নষ্ট হচ্ছে, অর্থ নষ্ট হচ্ছে, ওরা নিজেরাই নিজেদের ক্ষতি করছে।”

এই প্রসঙ্গে কেন্দ্রের সমালোচনায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেসও ৷ যদি কোনওভাবে ১০০ দিনের প্রকল্প থেকে মহাত্মা গান্ধির নাম বাদ দেওয়া হয়, তাহলে আরও বড় আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বাংলার শাসক দল। তৃণমূল কংগ্রেসের দাবি, মহাত্মা গান্ধির নাম সরিয়ে এখানে রাম-নাম জুড়ে দেওয়া হয়েছে। সিপিআই (এম) ভিবি-জিরামজি বিল, ২০২৫ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে। সিপিআই (এম)-এর দাবি, এই ভিবি-জিরামজি বিল মজুরি প্রদানের ক্ষেত্রে কেন্দ্রের দায়িত্ব ১০০ শতাংশ থেকে কমিয়ে প্রধান রাজ্যগুলির জন্য ৬০ :৪০ অনুপাতে ভাগাভাগির ব্যবস্থায় নিয়ে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *