নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ বিশ্বভারতীর হস্টেলে, ক্ষোভ বাড়ছে আবাসিক ছাত্রীদের মধ্যে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বিশ্বভারতীর আম্রপালি গার্লস হস্টেলের ক্যান্টিনে খাবারের মান নিয়ে ক্ষোভ বাড়ছে আবাসিক ছাত্রীদের মধ্যে। তাঁদের অভিযোগ, ক্যান্টিনে অত্যন্ত নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাবার দেওয়া হচ্ছে। অনেক সময় খাবারের মধ্যে পোকামাকড়, প্লাস্টিক বা কাঠের টুকরো পাওয়া যাচ্ছে। হস্টেলের নিম্নমানের কিছু খাবারের ছবি ও ভিডিও সোমবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ছাত্রীরা। এর আগেও বিভিন্ন হস্টেলে খাবারের মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন ছাত্রছাত্রীরা।

এমনকি, বাসনপত্র নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভও দেখানো হয়। গতবছর পৌষমেলার আগে একই ধরনের অভিযোগ তুলে আন্দোলন করায় কয়েকজন ছাত্রীর বাড়িতে বিশ্ববিদ্যালয়ের তরফে সতর্কবার্তা পাঠানো হয়েছিল। যা নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। এই হস্টেলে খাবার সরবরাহের দায়িত্বে থাকা ভেন্ডার পরিবর্তন করা হবে বলে জানিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। ছাত্রীরা জানান, হস্টেলের ক্যান্টিনে খাওয়া বাধ্যতামূলক। প্রতি মাসে প্রায় ১৮০০ টাকা করে খাবারের চার্জ নেওয়া হয়। কিন্তু খাবারের মান অত্যন্ত খারাপ। একাধিকবার কর্তৃপক্ষকে জানানো হলেও স্থায়ী কোনও সমাধান মেলেনি বলে দাবি তাঁদের। কয়েক মাস ধরে একই পরিস্থিতি চলছে বলেও জানান আবাসিকরা। এতে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা করেন ছাত্রীরা।

এক ছাত্রী বলেন, আমাদের হস্টেলের খাবারের মান খুবই খারাপ। অনেক সময় খাবারের মধ্যে পোকামাকড় পাওয়া যাচ্ছে। অনেকদিন ধরেই এ‌ই সমস্যা চলছে। কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। আর এক ছাত্রী বলেন, এত টাকা দেওয়া সত্ত্বেও আমরা দিনের পর দিন নিম্নমানের খাবার খেতে বাধ্য হচ্ছি। অবিলম্বে কর্তৃপক্ষ কার্যকরী ব্যবস্থা নিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *