পাঞ্জাবে বিএসএফ-সেনা ছাউনির বাইরে জোড়া বিস্ফোরণ, শুরু আপ-বিজেপির চাপানউতোর

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : পাঞ্জাবের জলন্ধরে আচমকা বিস্ফোরণ ঘটলো বিএসএফের পাঞ্জাব ফ্রন্টিয়ার সদর দপ্তরের বাইরে রাখা একটি স্কুটারে । বিস্ফোরণের তীব্রতায় ট্রাফিক সিগন‌্যালের খুঁটি এবং নিকটবর্তী একটি দোকানের জানালার কাচ ভেঙে যায়। এমনকি আশপাশে থাকা একাধিক গাড়ি, মোটরবাইকেও এদিন আগুন ধরে যায়। অর্থাৎ ঠিক যা ঘটেছিল দিল্লিতে লালকেল্লার কাছে। এর ঠিক ২ ঘণ্টা পর জলন্ধর থেকে ১০০ কিলোমিটার দূরে পাঞ্জাবের আর এক গুরুত্বপূর্ণ শহর অমৃতসরে আটারি রোডের আর্মি খাসা ক্যাম্পের বাইরে বিস্ফোরণ ঘটে। আর্মি ক্যাম্পের প্রাচীরের গায়ে রাখা ছিল বিস্ফোরক। সেখানেও বিস্ফোরণ ঘটে । এদিকে সিসিটিভিতে মুখোশ পরা কয়েকজনকে ওই জায়গা দিয়ে ঘুরে যেতে দেখা যায়। তবে দু’টি ঘটনাতেই কেউ হতাহত হয়নি। পাঞ্জাব পুলিশের সন্দেহ এই বিস্ফোরণের পিছনে রয়েছে পাকিস্তান। পাঞ্জাবের ডিজিপি গৌরব যাদব জানিয়েছেন, জলন্ধরের ঘটনার দায় স্বীকার করেছে খালিস্তান লিবারেশন আর্মি। তবে সেই দাবির সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই দিল্লি থেকে এনআ‌ইএ-র বিশেষ টিম চলে গিয়েছে জলন্ধর ও অমৃতসরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *