ভোটের ফল ঘোষণার পরেই ব্যাপক চাঞ্চল্য ছড়াল বাগডোগরা বিমানবন্দরে, দেখা মিললো প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মণের মতো দেখতে একজনের
নিজস্ব সংবাদ দাতা : ভোটের ফল ঘোষণার এক দিন পরেই চাঞ্চল্য ছড়াল বাগডোগরা বিমানবন্দরে। যাত্রীদের দাবি, সেখানে দেখা গেছে রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মণের মতো দেখতে একজনকে। এদিকে এদিন বিকেলের পরে বিমানবন্দরের নির্দিষ্ট এলাকায় তাঁকে বসে থাকতে দেখা যায় বলেও দাবি করেন বেশ কয়েকজন যাত্রী। এমনকি কেউ কেউ তাঁর ছবিও তুলেছেন, এবং তাতে আপত্তি করতে দেখা যায়নি। এমনকি পরে একটি কলকাতাগামী বিমানে তাঁকে দেখা গেছে বলেও এদিন দাবি করা হয়। উল্লেখযোগ্য যে, গত বছর অক্টোবর মাসে কলকাতার নিউটাউন এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে খুনের অভিযোগ ওঠে মূলত বিডিও প্রশান্ত বর্মণের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও তিনি এখনও অধরা। কলকাতা হাই কোর্ট ও সুপ্রিম কোর্টে এমনকি জামিনও পাননি তিনি।


