মা-বাবার চিকিৎসায় চরম সর্বস্বান্ত, বিপুল দেনার দায়ে পোষ্যকে বিষ খাইয়ে ‘আত্মঘাতী’ হল উত্তরপ্রদেশের বরেলির এক ব্যবসায়ী!

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অর্থই অনর্থের কারণ! বিরাট অঙ্কের দেনার চাপে উত্তরপ্রদেশের বরেলিতে ‘আত্মহত্যা’ করলেন ৩৩ বছরের এক সম্পত্তি ব্যবসায়ী। নিজে বিষ খাওয়ার আগে প্রিয় পোষ্য একটি ল্যাবরেডর কুকুরকে বিষ খাইয়ে মারেন যুবক! দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করে পুলিশ।জানা গেছে মৃত ব্যক্তির নাম নিখিল অরোরা। বরেলির একটি অ্যাপার্টমেন্টে একাই থাকতেন তিনি। সঙ্গী বলতে ছিল পোষ্য কুকুর ‘প্রেমী’। পুলিশ জানিয়েছে, মা-বাবার চিকিৎসা খরচ চালাতে গিয়ে মোটা অঙ্কের দেনার মধ্যে পড়ে যান নিখিল। এমনকী বসত বাড়িটিও বিক্রি করে দিতে হয় তাঁকে। এই অবস্থায় অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি।

বন্ধু ধীরাজের বাড়িতে রাতের খাবার খাওয়ার কথা ছিল নিখিলের। যদিও শেষ পর্যন্ত সেখানে যাননি তিনি। খোঁজ নিতে ধীরাজ ও তাঁর বন্ধুরা নিখিলের ফ্ল্যাটে আসেন। যদিও দরজা ভিতর থেকে বন্ধ ছিল। অনেক ডাকাডাকিতেও না খোলায় তাঁরা পুলিশ ডাকেন। পুলিশকর্মী দরজা ভেঙে ফ্ল্যাটের ভিতরে ঢুকে দেখেন মেঝেতে নিখিল এবং তাঁর পোষ্যের নিথর দেহ পড়ে রয়েছে। পুলিশ তার ঘর থেকে বাটারমিল্কের প্যাকেট ও সালফাসের (এক ধরনের রাসায়নিক সার) একটি খালি কৌটা উদ্ধার করেছে। পুলিশের অনুমান, নিখিল বাটার মিল্কের সঙ্গে সালফাস ট্যাবলেট মিশিয়ে কুকুরকে খাওয়ান। নিজেও খান। স্থানীয় বলছেন, পোষ্য ‘প্রেমী’কে খুব ভালোবাসতেন নিখিল। তাঁর মৃত্যুর পর কুকুরটিকে কে দেখবে, একথা ভেবেই হয়তো আত্মহত্যার আগে পোষ্যকে বিষ খাওয়ান। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *