সমাজসেবায় বিশেষ কৃতিত্বের জন্য বঙ্গ শিরোমনি সম্মান পেলেন আয়কর দপ্তরের ডেপুটি কমিশনার অনুপম মজুমদার
বেস্ট কলকাতা নিউজ : মাথার উপর ছিল সরকারি কাজের প্রবল চাপ। এমনকি ছিল প্রচুর দায়িত্ব। তবে তার মাঝেও সমাজকে ভুলে যাননি তিনি । ব্যস্ততার মাঝেও বারবার দাঁড়িয়েছেন শিশুদের পাশে। চেষ্টা করেছেন, প্রতিকূল পরিস্থিতিতে বড় হয়ে ওঠা শিশুদের মাঝে যেন শিক্ষার আলোটুকু পৌঁছে যায়। সেই অসামান্য অবদানের জন্য এবার বিশেষ স্বীকৃতি পেলেন আয়কর দপ্তরের ডেপুটি কমিশনার অনুপম মজুমদার। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তাঁর হাতে তুলে দেওয়া হল বঙ্গ শিরোমনি সম্মানও ।

আয়কর দপ্তরের আধিকারিকের এই বিশেষ অবদানকে সম্মানিত করার সিদ্ধান্ত নেয় রিপোর্টার্স এন্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন। তাদের উদ্যোগেই কলকাতা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই বঙ্গ শিরোমনি সম্মানে ভূষিত করা হয় আয়কর দপ্তরের ডেপুটি কমিশনারকে। সরকারি দায়িত্ব সামলেও সমাজের প্রতি অনুপমের যে অসীম অবদান, সেই দায়বদ্ধতা এবং সেবামূলক মানসিকতাকে কুর্নিশ জানানো হয় বর্ষবরণের দিনে।
ছোটবেলা থেকেই সামাজিক দায়বদ্ধতায় বিশ্বাসী অনুপম। সরকারি বড় দায়িত্বে থাকলেও তিনি সক্রিয়ভাবে যুক্ত থেকেছেন সমাজসেবায়, বিশেষত শিশুদের জন্য। অনগ্রসর ও পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার প্রসারে কাজ করেছেন দীর্ঘদিন ধরে। শিক্ষা সহায়তা প্রদান থেকে শুরু করে বিভিন্ন স্কুলের পরিকাঠামো উন্নয়নে তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। ‘উৎকর্ষে আরোহন’ নামে একটি প্রতিষ্ঠানও তৈরি করেছেন।শিশুদের পাশাপাশি এমনকি আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের স্বনির্ভর করতেও যথেষ্ট ভূমিকা নিয়েছে তিনি।

