নিটের প্রশ্ন ফাঁসের ঘটনায় এক নাটকীয় মোড় , গ্রেপ্তার হল রাজস্থানের বিজেপি নেতা সহ পাঁচ জন
বেস্ট কলকাতা নিউজ : যথাসম্ভব চেষ্টা করা হয়েছে মোবাইল অ্যাপ অথবা সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিংবা মেল আইডি ব্যবহার না করতে। তিনরকম রেট করা হয়েছিল। ১০ লক্ষ টাকা। ২০ লক্ষ টাকা। ৩০ লক্ষ টাকা। প্রকৃত প্রশ্নপত্রের সঙ্গে ৬০ শতাংশই মিলে যাবে এরকম গেস পেপার পেতে হলে দিতে হবে ৩০ লক্ষ টাকা। এতে মিলবে গেস পেপারের সরাসরি প্রিন্ট আউট। অর্থাৎ কোনও মোবাইল, ল্যাপটপ কিছুই ব্যবহার করে ধরা পড়ার ঝুঁকি থাকবে না। এক হাতে টাকা। অন্য হাতে প্রশ্নপত্রের প্রিন্ট আউট। মহারাষ্ট্র, রাজস্থান, হরিয়ানা, বিহার, কেরল, জম্মু কাশ্মীর। আপাতত এই রাজ্যগুলির একাধিক শহরে নিট প্রশ্নপত্র ফাঁস হওয়ার নেটওয়ার্ক পাওয়া গিয়েছে। সর্বপ্রথম যার সন্ধান পাওয়া গিয়েছে, সেই নাসিকের শুভম খেরনার নামক আয়ুর্বেদ ছাত্র ১০ লক্ষ টাকা দিয়ে পুনে থেকে কিনেছিল গেস পেপার। সেটি সে বিক্রি করেছে হরিয়ানার গুরগাঁওয়ের এক এজেন্সিকে। ১৫ লক্ষ টাকায়। প্রশ্নপত্র

ফাঁসের তদন্তে উঠে আসছে বিজেপি যোগের তথ্য। রাজস্থানের জামওয়া রামগড়ের দুই ভাই মঙ্গিলাল ও দীনেশ বিওয়াল গত ২৬ এপ্রিল (পরীক্ষার এক সপ্তাহ আগে) গুরুগ্রামের এক চিকিৎসকের কাছ থেকে ‘গেস পেপার’ কিনেছিল। দাম পড়েছিল ৩০ লক্ষ টাকা। দীনেশ বিওয়ালের ছেলে এবার নিটে বসেছিল। সেজন্য সে রাজস্থানের সিকরে প্রস্তুতি নিচ্ছিল। ২৬ এপ্রিল গুরুগ্রামের ডাক্তারের কাছ থেকে প্রশ্নপত্র কেনার পর বিওয়াল পরিবার ২৯ এপ্রিল সিকরের বহু পড়ুয়ার কাছে তা মোটা টাকার বিনিময়ে বিক্রি করে বলে অভিযোগ।দীনেশ আবার রাজস্থানের বিজেপি নেতা। তাঁর সঙ্গে শীর্ষস্থানীয় বহু বিজেপি নেতার ছবিও রয়েছে। গতবছরও দীনেশের পরিবারের চারজন নিট পাশ করেছিল। নিট কাণ্ডে রাত পর্যন্ত সিবিআই মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

