মাধ্যমিকে দশম স্থান অধিকার করলো পশ্চিম বর্ধমানের নিম্নবিত্ত বাড়ির ছেলে অভিষেক
বেস্ট কলকাতা নিউজ : মাধ্যমিকের মেধা তালিকায় ঠাই পশ্চিম বর্ধমানের পড়ুয়ার। কয়েক বছরের খরা কাটিয়ে জেলায় এই সাফল্য এনে দিয়েছে অভিষেক দাস। আসানসোল রামকৃষ্ণ মিশন হাইস্কুলের পড়ুয়া অভিষেক মাধ্যমিকে দশম স্থান অধিকার করেছে। ৬৮৮ নম্বর পাওয়া পড়ুয়া বড় হয়ে চিকিৎসক হতে চায়। আর্থিক অনটনের সঙ্গে লড়াই করেই ছেলেকে মানুষ করেছেন বাবা অসিত দাস ও মা ঝুমা দাস। অভিষেকের সাফল্যে খুশি এলাকাবাসী থেকে স্কুলের শিক্ষকরা। অভিষেকদের বাড়ি আসানসোলের ময়দাকল মোড়ের শহিদ সুকুমার পল্লিতে। অনুন্নত এলাকা, সংকীর্ণ গলিপথ বেয়ে পৌঁছাতে হয় তাঁর বাড়িতে। এই এলাকা থেকে তেমন কোনো কৃতী পড়ুয়া বের হয়নি। কিন্তু অভিষেকের অধ্যাবসায় দেখে অনেকেই আশাবাদী ছিলেন। মাধ্যমিকে দশম স্থান অধিকার করা অভিষেক বাংলা, অঙ্ক ও জীবন বিজ্ঞানে একশোয় একশো পেয়েছে। ভৌতবিজ্ঞানে ৯৯, ভূগোলে ৯৯, ইতিহাসে ৯৮ ও ইংরেজিতে ৯২ নম্বর পেয়েছে। তবে তার পছন্দের বিষয় জীবন বিজ্ঞান। তাই চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে সে।


