কালীগঞ্জে বাজেয়াপ্ত হল ৫ কোটি টাকার মূল্যের হেরোইন, অবশেষে গ্রেফতার হল দুই পাচারকারী

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফের বড়সড় সাফল্য পেল কালীগঞ্জ থানার পুলিশ। সোমবার বিকেলের দিকে কালীগঞ্জ থানার অন্তর্গত পাঁচখেলা এলাকায় সন্দেহভাজন একটি চারচাকা গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটি থেকে প্রায় পাঁচ কেজি হেরোইন বাজেয়াপ্ত হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা। সাম্প্রতিককালে নদীয়া জেলায় এত বিপুল পরিমাণ হেরোইন উদ্ধারের ঘটনা বিরল বলে মনে করছেন তদন্তকারীরা। এই ঘটনায় দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম মনোরুদ্দিন শেখ ও সারিকুল ইসলাম। তাদের বাড়ি কালীগঞ্জ থানা এলাকায়।

এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, হেরোইনের পাশাপাশি অভিযুক্তদের কাছ থেকে নগদ ১১ হাজার ৬৪০ টাকা, তিনটি মোবাইল ফোন এবং পাচারের কাজে ব্যবহৃত চারচাকা গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। মোবাইলগুলি খতিয়ে দেখে পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত, সেবিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। এদিকে, এই ঘটনার সঙ্গে পলাশী এলাকার এক সিপিএম পঞ্চায়েত সদস্যের নাম জড়িয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। অভিযোগ উঠেছে, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ হেরোইন পাচারের সঙ্গে ওই নেতা যুক্ত থাকতে পারে। সংশ্লিষ্ট ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে গোয়েন্দা বিভাগ। কৃষ্ণনগর পুলিশ জেলার এসপি অমরনাথ কে বলেন, জেলাজুড়ে মাদক বিরোধী অভিযান চলছে। খবর পেলেই পাচারকারীদের ধরা হচ্ছে। চক্রের গভীরে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। মাদক পাচার আটকাতে কালীগঞ্জে বড়সড় সাফল্য এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *