কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ‘মিনি লাইব্রেরি’ গড়ার বিশেষ পরিকল্পনা বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের তরফে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ছাত্র জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা হল হোস্টেল জীবন । বহু দূর দুরান্ত থেকে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসেন বিশ্ববিদ্যালয়গুলিতে । তখন তাদের ঠিকানা হয়ে দাঁড়ায় এই বিশ্ববিদ্যালয়ের হস্টেলগুলি । কিন্তু বিগত কিছু বছর ধরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্টেলকে ঘিরে উঠে এসেছিল একাধিক অভিযোগ । এবার পড়ুয়াদের হস্টেল জীবনে স্বস্তি ফেরাতে বড় উদ্যোগ নিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় । বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শুধুমাত্র পরিকাঠামো সংস্কার নয়, হস্টেলগুলিকে আরও বাসযোগ্য ও শিক্ষাবান্ধব করে তুলতে একাধিক নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে । এর মধ্যে উল্লেখযোগ্য হল, প্রতিটি হস্টেলে ‘মিনি লাইব্রেরি’ তৈরির উদ্যোগ । যেখানে থাকবে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে উইলিয়াম শেক্সপিয়ারের বিভিন্ন রচনা । তার সঙ্গে পাল্লা দিয়ে থাকবে বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত নানা বই এবং পত্রিকাও রাখা হবে । বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মূলত অধীনস্ত 16টি হস্টেলের সার্বিক সংস্কারের দিকেই জোর দিচ্ছে ।

গত কয়েক বছরে হস্টেলের খারাপ পরিকাঠামো নিয়ে পড়ুয়াদের ক্ষোভ বাড়ছিল । পরিস্থিতির গুরুত্ব আরও স্পষ্ট হয় সম্প্রতি তালতলার একটি হস্টেলে অগ্নিকাণ্ডের ঘটনায় । ‘বোর্ড অফ রেসিডেন্ট’-এর তরফে জানানো হয়, এক পড়ুয়ার অসাবধানতার জেরেই শর্ট সার্কিট থেকে আগুন লাগে । সেই ঘটনার পরই হস্টেলের নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে চাপ বাড়ে । এই আবহেই ছাত্র সংগঠন ডিএসও কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ ঘোষের কাছে দ্রুত সংস্কারের দাবি জানায় । বোর্ড অফ রেসিডেন্টের তরফেও জানানো হয়েছে, সরেজমিনে পরিদর্শনের পর তাঁরাও হস্টেলগুলির অবস্থার উন্নয়নের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছেন ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *