অবজার্ভারের গাড়ির ধাক্কায় মৃত্যু হল ১ বৃদ্ধের, দুমড়ে-মুচড়ে গেল টোটো
বেস্ট কলকাতা নিউজ : জেনারেল অবজার্ভারের গাড়ির সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল টোটো চালকের। অবজার্ভারের গাড়ি রাস্তা থেকে ছিটকে পাশের ঝোপে উলটে যায়। তবে গাড়িতে থাকা অবজার্ভার সহ কারোর তেমন ক্ষতি হয়নি। তবে ঘটনাস্থলে মৃত্যু হল টোটো চালকের। পতিরাম থানার বাউল সেতুর কাছে এই ঘটনায় এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়ায় eএলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুশমণ্ডি বিধানসভার অবজার্ভার গাড়িতে চেপে বালুরঘাটে আসছিলেন। উলটো দিক থেকে এক টোটোচালক বাউলের দিকে যাচ্ছিলেন। সেসময় টোটোর সঙ্গে ধাক্কা লেগে উলটে যায় ছোটগাড়িটি। ঘটনাস্থলেই প্রাণ যায় টোটো চালকের। দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিন্ময় মিত্তাল এদিন জানান , দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। অবজার্ভার সুস্থ রয়েছেন।

পুলিশ সূত্রে খবর, মৃত টোটো চালকের নাম খোকন সরকার (৬৬)। বাড়ি পতিরাম থানার বাউল এলাকায়। রবিবার দুপুরে তিনি টোটো নিয়ে ঘাস কাটতে যান। ফেরার পথে বাউল সেতুর কাছে অবজার্ভারের গাড়ির সঙ্গে টোটোর সংঘর্ষ হয়। অভিযোগ, অবজার্ভারের গাড়ি দ্রুত গতিতে থাকায় টোটো দুমড়েমুচড়ে যায়। টোটোচালকেরও মৃত্যু হয়েছে। সংঘর্ষের পর উলটে যায় ছোটগাড়িটি। খবর পেয়ে পতিরাম থানার পুলিশ এবং নির্বাচন কমিশনের বাকি গাড়ি ঘটনাস্থলে এসে অবজার্ভারকে উদ্ধার করে নিয়ে যায়। জানা গিয়েছে, কুশমণ্ডির ওই জেনারেল অবজার্ভারের নাম শান মুগুরাজন এস। তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। গাড়ির আর কারোর কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

