ছত্তিশগড়ের বিদ্যুৎকেন্দ্রে এক ভয়াবহ বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯
ছত্তিশগড়ের শক্তি জেলার বেদান্ত বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ ৷ শক্তি জেলার কালেক্টর জানান , দুর্ঘটনার পর থেকে জেলা প্রশাসনের একটি দল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে । আহত ১৯ জন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন। তাদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে ৷ রাজ্য সরকার মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করবে ।

এদিকে ঘটনার পর কারখানায় চরম বিশৃঙ্খলা দেখা দেয় , এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ, দমকল বাহিনী ও প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন । জানা গেছে বেদান্ত পাওয়ার লিমিটেডে বয়লারের সুপারহিটেড অংশে বিস্ফোরণ ঘটার ফলে এই ঘটনা ঘটেছে ৷ ১৯ জন মারাও গিয়েছেন । আহতদের ফোর্টিস হাসপাতালে ভর্তি করা হয় । চাপের মুখে পড়ে কোম্পানি কর্তৃপক্ষ মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ও চিকিৎসা খরচ বাবদ ৩৫ লক্ষ টাকা এবং আহতদের ১৫ লক্ষ টাকা দিতে সম্মত হয়।
শক্তি জেলার কালেক্টর অমৃত বিকাশ টপনো বলেন, “আমরা নিশ্চিত করার চেষ্টা করছি যাতে ক্ষতিগ্রস্ত শ্রমিকরা সমস্ত যথাযথ সহায়তা পান । দুর্ঘটনাটি কীভাবে ঘটল তা নির্ধারণের জন্য একটি ম্যাজিস্ট্রিয়াল তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে ৷ এমনকি ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এই দুর্ঘটনাকে মর্মান্তিক ও বেদনাদায়ক বলে বর্ণনা করেছেন । তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ক্ষতিগ্রস্তদের জন্য সরকার ও প্রশাসনের কাছে পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং আহত সকলের যথাযথ চিকিৎসার দাবিও জানিয়েছেন।

