দীর্ঘ ৩৯ বছর পর ফের আজ ফের স্বয়ং স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আসতে চলেছে লোকসভায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ৩৯ বছর পর ফের লোকসভায় আসতে চলেছে স্বয়ং স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব। তাও বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের প্রথম দিনেই। স্পিকার ওম বিড়লা পক্ষপাতদুষ্ট—এই অভিযোগে তাঁকে পদচ্যুত করতে অনাস্থা প্রস্তাব পেশ করবে বিরোধীরা। তাই কোমর বাঁধছে দু’পক্ষই। একদিকে এককাট্টা বিরোধীরা। তাই স্পিকারকে পদচ্যুত করার চিঠিতে তৃণমূল সই না করলেও অনাস্থার পক্ষেই ভোট দেবে। আর অন্যদিকে, পাঁচ রাজ্যের নির্বাচনের আগে নরেন্দ্র মোদিও শক্তি প্রদর্শনে প্রস্তুত। উভয়পক্ষই জারি করেছে সভায় উপস্থিত থাকার ‘হুইপ’। লোকসভা সচিবালয় সূত্রে খবর, ১০ ঘণ্টা ধরে আলোচনা হবে অনাস্থার।

মূলত লোকসভায় গত সাত বছর কোনো ডেপুটি স্পিকার নেই। তাহলে কে করবেন সভা পরিচালনা? স্পিকারের বিরুদ্ধে অভিযোগ। তাই তিনি সভায় থাকবেন না। এর আগে বিভিন্ন সময়ে তিনবার তদানীন্তন স্পিকারকে পদচ্যুত করার বিষয়ে সভাপতিত্ব করেছিলেন ডেপুটি স্পিকার। ফলে লোকসভা উত্তাল হবে বলেই ধারণা। কংগ্রেসের তিন সাংসদ মহম্মদ জাভেদ, কে সুরেশ এবং মল্লু রবি এই প্রস্তাব পেশ করবেন।

নিয়ম হল, সমর্থনে উঠে দাঁড়াতে হবে অন্তত ৫০ জন এমপিকে। সেটি হলেই প্রস্তাব গৃহীত। তারপর আলোচনা। শেষে ভোটাভুটি। সেই অঙ্কে অবশ্য এনডিএকে হারানো বিরোধীদের কাছে কঠিন। কংগ্রেস, তৃণমূল, সপা-সহ বিরোধীদের আছে ২৪১ এমপি। সরকারের ২৯৯। তবে ভোটাভুটির সময় সভায় কতজন উপস্থিত, তার উপরই নির্ভর করবে প্রস্তাবের পাশ-ফেল। সংবিধানের ৯৪ (সি) অনুচ্ছেদ সামনে রেখে এর আগেও তিনবার স্পিকারকে পদচ্যুত করার উদ্যোগ হয়েছিল। ১৯৫৪ সালের ১৮ ডিসেম্বর গণেশ বাসুদেব মভলঙ্করের বিরুদ্ধে সই করেছিলেন ২১ জন। ১৯৬৬’র ২৪ নভেম্বর সর্দার হুকুম সিং। সই ২৩ জনের। তৃতীয়বার ১৯৮৭ সালের ১৫ এপ্রিল বলরাম জাখরের বিরুদ্ধে। তিনবারই কিন্তু বিরোধীরা সফল হয়নি। বিড়লার ভাগ্যে কী?উঠছে প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *