চা বাগানের ছোট ঘর থেকে বড় স্বপ্ন, ISC-তে ৯৫% পেয়ে নজর কাড়ল কনক টোপনো
জলপাইগুড়ি: জলপাইগুড়ির হলদিবাড়ি চা-বাগানের সাধারণ পরিবারে বেড়ে ওঠা ১৭ বছরের কনক টোপনো এবারের ISC পরীক্ষায় ৯৫ শতাংশ নম্বর পেয়ে এলাকাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। অভাব-অনটনের মধ্যেও নিজের কঠোর পরিশ্রম আর একাগ্রতায় এই সাফল্য অর্জন করেছে সে। জানা গেছে কনকের বাবা আনন্দপ্রকাশ টোপনো চা-বাগানের অবসরপ্রাপ্ত কর্মী এবং মা কান্তা টোপনো গৃহবধূ। পরিবারের আর্থিক সীমাবদ্ধতার কারণে আলাদা করে টিউশনের সুযোগ না থাকলেও, স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সহায়তা এবং নিজের অধ্যবসায়কেই ভরসা করে এগিয়ে গেছে কনক।

এদিকে বিষয়ভিত্তিক ফলাফলেও উজ্জ্বল কনক। ইংরেজিতে ৯২, হিন্দিতে ৯৫, ইতিহাসে ৯৫, রাষ্ট্রবিজ্ঞানে ৯৭, ভূগোলে ৯০ এবং পরিবেশবিদ্যায় ৮৮ নম্বর পেয়েছে সে।কনকের লক্ষ্য ভবিষ্যতে UPSC পরীক্ষায় সফল হয়ে IAS অফিসার হওয়া। তার কথায়, প্রতিদিন ভোরে উঠে দীর্ঘ সময় পড়াশোনা করেই সে এই সাফল্যের জন্য নিজেকে প্রস্তুত করেছে।
স্কুল কর্তৃপক্ষও কনকের এই সাফল্যে গর্বিত। শিক্ষকদের মতে, কোনও গৃহশিক্ষক ছাড়াই শুধুমাত্র আত্মনিয়োগ ও পরিশ্রমের জোরে এমন ফল সত্যিই অন্যদের জন্য অনুপ্রেরণাদায়ক। চা-বাগান এলাকার বহু পড়ুয়া যেখানে আর্থিক কারণে পড়াশোনা মাঝপথে ছেড়ে দিতে বাধ্য হয়, সেখানে কনকের এই সাফল্য নতুন করে স্বপ্ন দেখাচ্ছে এলাকার বহু ছেলে-মেয়েকে।

