ভোটের আগে ‘হাই অ্যালার্ট’ জারি হল কলকাতায় , হোটেল-লজ কড়া নজরদারি আওতায় আনার নির্দেশ দিল লালবাজার
বেস্ট কলকাতা নিউজ : বিধানসভা ভোটকে সামনে রেখে শহরের নিরাপত্তা জোরদার করতে একাধিক কড়া পদক্ষেপ করল কলকাতা পুলিশ । এবার শহরের ছোট-বড় সব হোটেল ও লজকে নজরদারির আওতায় আনার নির্দেশ দিল লালবাজার । কে কোথা থেকে আসছেন, কেন আসছেন, কতদিন থাকছেন – প্রত্যেক অতিথির খুঁটিনাটি তথ্য সংগ্রহে জোর দেওয়া হয়েছে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতার নগরপাল অজয় নন্দ শহরের প্রতিটি থানাকে এই মর্মে নির্দেশ দিয়েছেন যে, নিজ নিজ এলাকার সমস্ত হোটেল, গেস্ট হাউস ও লজের ওপর কড়া নজর রাখতে হবে । বিশেষ করে ভোটের আগে বাইরে থেকে আগত ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণে জোর দেওয়া হচ্ছে । হোটেল কর্তৃপক্ষকে বলা হয়েছে, প্রতিটি অতিথির বৈধ পরিচয়পত্র যাচাই করে সেই তথ্য স্থানীয় থানার সঙ্গে ভাগ করে নিতে । লালবাজারের এক শীর্ষ আধিকারিক বলেন, “ভোটের সময় শহরে বহিরাগতদের আনাগোনা বেড়ে যায় । সেই সুযোগে কেউ যাতে কোনওরকম অশান্তি বা বেআইনি কার্যকলাপে জড়াতে না পারে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ ।”

ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন থানার পুলিশ আধিকারিকরা এলাকায় এলাকায় গিয়ে হোটেল মালিকদের সঙ্গে বৈঠক করছেন এবং নতুন নিয়মগুলি বুঝিয়ে দিচ্ছেন । পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, শুধুমাত্র বড় হোটেল নয়, ছোট লজ ও সস্তার গেস্ট হাউসগুলিকেও নজরদারির আওতায় আনা হচ্ছে । কারণ অনেক সময় এই ধরনের জায়গাগুলিতে পরিচয় যাচাইয়ে ঢিলেঢালা মনোভাব দেখা যায় । তাই এবার কোনও ফাঁক রাখতে চাইছে না প্রশাসন ।
এর পাশাপাশি, রাতের নাকা তল্লাশি, মোবাইল পেট্রোলিং এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । বিশেষ করে স্টেশন, বাস টার্মিনাস এবং শহরের প্রবেশপথগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে, যাতে সন্দেহজনক কোনও ব্যক্তি বা কার্যকলাপ চোখ এড়াতে না পারে । রাতের নাকা তল্লাশিতে এবার সরাসরি থাকছেন আইপিএস আধিকারিকরা । প্রতিটি গুরুত্বপূর্ণ চেকপোস্টে দু’জন করে আইপিএস অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে নজরদারির মান আরও কঠোর হয় এবং কোনওরকম গাফিলতি না-থাকে ।

