ট্রাইবুনালে বাঁকুড়ায় মাত্র সাত জনের নাম উঠল অতিরিক্ত তালিকায় , সংশয় কাটলো ভোট দেওয়া নিয়ে
বেস্ট কলকাতা নিউজ : এসআইআরে বাদ পড়া বৈধ ভোটারদের মধ্যে ট্রাইবুনালের মাধ্যমে মাত্র সাতজনের নাম অতিরিক্ত তালিকায় উঠেছে। ওই সাতজন আজ, বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচনে ভোট দিতে পারবেন। তবে আবেদনকারী বহু বৈধ ভোটার এদিন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন না। তাঁরা এবার বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না। বাঁকুড়া জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে অতিরিক্ত তালিকায় নাম ওঠা ওই সাত ভোটার এদিন সংশ্লিষ্ট বুথে ভোট দিতে পারবেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুর বিধানসভায় তিনজন, ইন্দাসে দু’জন এবং কোতুলপুর ও বড়জোড়া বিধানসভায় একজন করে ভোটারের নাম তালিকায় উঠেছে। ‘ভাগ্যবান’ ভোটাররা হলেন, রোজিনা খাতুন, খলিলউল্লা মণ্ডল, শেখ ফজল, সুপ্রিয়া খাতুন, মহম্মদউল্লা বায়েন, সামিনুর বায়েন ও সমীর আলি বায়েন। রোজিনা বলেন, এবার ভোট দেওয়া নিয়ে চরম সংশয়ে ছিলাম। শেষমেশ তালিকায় নাম ওঠায় স্বস্তি পেয়েছি। আগামী দিনে বাকি বৈধ ভোটারদেরও তালিকায় নাম অন্তর্ভুক্ত করা উচিত। বাঁকুড়া শহরের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা টুম্পা দে, ইন্দ্রানী সিংহরায় বলেন, আমরাও ট্রাইবুনালে আবেদন করেছি। শেষ মুহূর্তে তালিকায় নাম উঠবে বলে আশা করেছিলাম। কিন্তু, তা ওঠেনি। ফলে এবার আর ভোট দিতে পারব না। বৈধ ভোটার হওয়া সত্ত্বেও আমরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা থেকে বঞ্চিত হলাম।

