ভোটার তালিকায় নাম বাদ, সমাধানের পথ খুঁজতে আলোচনা সভায় হাজির পড়ুয়া থেকে স্কুল শিক্ষা কর্মী
বেস্ট কলকাতা নিউজ : বাংলায় এসআইআরের প্রথম পর্বে বাদ পড়েছে প্রায় ৯১ লক্ষ নাম। পরে ডিলিট হয়েছে আরও ২৭ লক্ষ ভোটারের নাম। তারওপর ভোটমুখী বাংলায় সুপ্রিম কোর্টও জানিয়ে দিয়েছে নাগরিকের ভোটাধিকার মৌলিক অধিকার নয়। প্রথম দফার ভোটের আগে ইতিমধ্যেই ভোটার তালিকা ফ্রিজ হয়েছে। এই পরিস্থিতে এক চরম উদ্বেগে লক্ষ লক্ষ মানুষ। ভোটার তালিকায় নাম না ওঠায় লক্ষ লক্ষ পরিবার এখন তীব্র আতঙ্কে। চিন্তা একটাই কীভাবে তাঁরা ভোটাধিকার ফিরে পাবেন?

এই সংকটময় পরিস্থিতিতে এসআইআর নিয়ে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হল পার্ক সার্কাসের হুমায়ুন কবীর ইনস্টিটিউটে। আমন্ত্রিতদের পাশাপাশি এই আলোচনা শুনতে এদিন উপস্থিত হয়েছিলেন ছাত্র, কর্মজীবী থেকে শুরু করে বহু সাধারণ মানুষও। এদিনের আলোচনা সভার বিষয় ছিল “আমার ভোট, আমার অধিকার” যেখানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী, চিকিৎসক, অধ্যাপক, সমাজসেবী থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিরা। তাঁদের বক্তব্যে উঠে আসে এসআইআর নিয়ে উদ্বেগ, আর সেই সঙ্গে ডিলিট হয়ে যাওয়া ভোটাররা কীভাবে ভোটাধিকার ফিরে পাবেন সেই নিয়ে পরামর্শ। বক্তা হিসবে এদিন উপস্থিত ছিলেন আহমদ হাসান ইমরান, সমাজসেবী আমজেদ আলি, প্রফেসর ওম প্রকাশ মিশ্র, আইনজীবী খাজা জাভেদ, ডা. এম এন হক, সাংবাদিক সুমন ভট্টাচার্য, সংখ্যালঘু কমিশনের সদস্য শেহনাজ কাদরি প্রমুখ।

